
ফাতেহ ডেস্ক
নিখোঁজের ৭ দিনেও খোঁজ মেলেনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভের। চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সৌরভকে অপহরণ করা হয়েছে।
গেলো ৯ জুন চট্টগ্রাম থেকে নিখোঁজ হন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি’র ছাত্র সৌরভ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওইদিন সন্ধ্যা সাতটার দিকে নগরীর আফমি প্লাজার সামনে ফোনে কথা বলছিলেন তিনি। পরে এক লোকের সাথে কথা বলতে বলতে পাশের একটি গলিতে হেঁটে যান। এরপর তার আর খোঁজ মেলেনি।
পরিবারের দাবি, রাজধানীর গুলশানের এক পোশাক ব্যবসায়ীর মেয়ের সাথে সম্পর্কের জেরে ওই পরিবারের সঙ্গে বিবাদ ছিলো সৌরভের। এর জেরে গেল ১৬ মে রাজধানীর বনানীর বাসা থেকে র্যাব তাকে আটকও করেছিল। আর ওই সম্পর্কের জেরেই সৌরভ নিখোঁজ হয়েছে কিনা তা তদন্তের দাবি পরিবারের।
তবে পুলিশ বলছে, নিখোঁজের পর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অপহরণ নাকি অন্যকিছু তা তদন্ত করছে পুলিশ।
সৌরভকে অপহরণ করা হয়েছে দাবি করে গেল শুক্রবার রাতে সোহেল তাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে সৌরভকে ফিরিয়ে দেয়া না হলে অপহরণকারীদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করার কথাও জানান তিনি।
