
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে আবারও ক্ষমতায় গেলে আগামী ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।’
আজ শনিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সিলেট কেন্দ্রীক উন্নয়ন কার্যক্রমের কথা জানাতে গিয়ে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিলেটের উন্নয়নে নানা কার্যক্রম হাতে নিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে আমি যখন সিলেট এসেছিলাম তখন বেশকিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এই অঞ্চলের উন্নয়নে কাজ করবে বর্তমান সরকার।’
শেখ হাসিনা বলেন, ‘এক সময় মোবাইল ফোনের মূল্য ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। তখন ইনকামিং ও আউটগোয়িং কল ছিল প্রতি মিনিট ১০ টাকা। এখন সবার হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে। এসবই বর্তমান সরকারের সফলতা।’
সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পেছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া বিমানের উন্নয়নে সরকারের সিদ্ধান্তের কথাও বক্তব্যে তুলে ধরেন তিনি।
জনসভায় সিলেট বিভাগের ১৯টি আসনে মহাজোটের সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।
