৩০ অক্টোবরের পর যেকোন দিন তফসিল: ইসি

ফাতেহ ডেস্ক: ৩০ অক্টোবরের পর যে কোনো দিন একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। আর ২৫ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা-উপজলোয় পৌঁছে যাবে ভোটার তালিকার সিডি। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আশি ভাগ প্রস্তুতি শেষ করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন মনে করছে, এর পরের বেশিরভাগ কাজ তফসিল ঘোষণার পর করতে হবে।

জাতীয় নির্বাচন করতে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার তালিকার সিডি তৈরি করেছে নির্বাচন কমিশন। এগুলো পৌঁছে দিতে হবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায়। চূড়ান্ত সীমানা নির্ধারণ ও বেশিরভাগ নির্বাচনী সামগ্রী কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। কমিশন বলছে, ৩০ অক্টোবর থেকে জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে, তাই এরপর যে কোনো দিন তফসিল ঘোষণা হবে।

জাতীয় নির্বাচনে এবার প্রায় ৭ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে ৪০ হাজার প্রিজাইডিং কর্মকর্তা ও ২ লাখ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন। আর ভোটকেন্দ্র হবে ৪০ হাজার একশো ৯৯টি । ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের গেজেট প্রকাশ করবে কমিশন।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যোগ করে আরপিও সংশোধনী শিগগিরই সংসদ অনুমোদন করবে বলে মনে করছে ইসি।

আগের সংবাদবিসমিল্লাহ গ্রুপের ১০ জনকে ১০ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদচাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে আবার সুপারিশ