
ফাতেহ ডেস্ক: তিন শহরে ভোটের প্রস্তুতি শেষ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩ নগরীর অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
রাজশাহী, বরিশাল ও সিলেট এই ৩ সিটিতে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট। আর এরই মধ্যে এর সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, বাক্স ও সিলসহ সব সামগ্রী। এসব বুঝে নিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।
তিন সিটিতে মেয়র প্রার্থী ১৯। এরমধ্যে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। ১৩৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১১৪টি। বরিশালে ১২৩টির মধ্যে গুরুত্বপূর্ণ ১১২টি কেন্দ্র। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৬ জন। সিলেটে এই সংখ্যা সাত। আর সেখানে ১৩৪ কেন্দ্রের মধ্যে ৮০টিকে গুরুত্বপূর্ণ বলছে ইসি।
এদিকে এই নির্বাচনে ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে-ই/ভি/এম ব্যবহার করছে ইসি। এরমধ্যে রাজশাহী-সিলেটে দুটি করে চারটি আর বরিশালে ইভিএমে ভোট হবে ১১ কেন্দ্রে।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শনিবার মধ্যরাত থেকেই নগরীতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচনি এলাকায় ভোটের দিন ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
