
ফাতেহ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে অন্তত ৪৫ জন নতুন মুখ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
এদের স্থান করে দিতে বাদ পড়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রীরাও। বেশিরভাগ আসনে বর্তমান সংসদ সদস্য বহাল থাকলেও অন্তত ৩৮ জন এমপি মনোনয়নের চিঠি পাননি।
৩০০ আসনে জোটের সঙ্গে ভাগাভাগির জন্য কিছু রেখে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন অন্তত ২৩১ জন। এদের মধ্যে প্রথমবারের মত নৌকা প্রতীকে লড়তে যাচ্ছেন ৪৫ জন। আছেন সাবেক ছাত্রনেতা, ক্রিকেটার, আমলা, কূটনীতিক, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও ব্যবসায়ী।
মাদারীপুর-৩ আসনে সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বদলে প্রথমবারের মতো নৌকার প্রার্থী হচ্ছেন দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
ফরিদপুর-১ আসনে যুগ্ম সম্পাদক আবদুর রহমানের আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন। শরীয়তপুরে সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেলকে হটিয়ে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
ডেপুটি স্পিকার শওকত আলীর আসনে মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল মনোনয়ন পেয়েছেন নেত্রকোনা-৩ আসন থেকে। মাগুরা-১ থেকে নৌকা নিয়ে লড়বেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।
বয়সের কারণে মনোনয়নের তালিকায় নাম নেই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আসনে নৌকা পেয়েছেন তার ভাই কূটনীতিক এ কে আবদুল মোমেন। বাদ পড়েছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও।
ঢাকা-১৩ আসনে দলের যুগ্ম সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের বদলে এবার টিকিট পেয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। নিকট-অতীতের নজির ধরলে এবারই সবচেয়ে কম মন্ত্রী-এমপি মনোনয়ন থেকে বাদ পড়েছেন। ২০১৪ সালের নির্বাচনে বাদ পড়েছিলেন ৪৮ জন।
বিদেশে চিকিৎসাধীন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দলের টিকিট দেয়া হলেও তার সঙ্গে আরেকজনের নাম রাখা হয়েছে।
একইভাবে যুগ্ম প্রার্থীর তালিকায় আছেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, বেসামরিক বিমান চলাচল ও পযটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরসহ কয়েকবার নির্বাচিত সাংসদ ধীরেন্দ্র দেবনাথ সম্ভুও রয়েছেন যুগ্ম তালিকায়।
