
শরীফ মুহাম্মদ
রাজনীতিতে ইসলামি দলগুলোর ভূমিকা মূলত ইসলাম বিষয়ে ময়দান পর্যায়ে ভূমিকা রাখার একটি নাম। এটি কখনো ইতিবাচক কর্মসূচিতে লক্ষণীয় হয়ে উঠতে পারে। যেমন, ইসলামি বিধি-বিধান প্রতিষ্ঠা, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা। কখনো ইতিবাচক না হলেও প্রতিরোধমূলক কিছু ভূমিকাতেও সক্রিয় হতে পারে। যেমন, ইসলামের কোনো একটি বিধানের অবমাননা হলে সেটা প্রতিরোধ করা। আবার রাষ্ট্রীয়ভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের অবমাননা ও অবমূল্যায়ন যদি হয় বিভিন্ন ক্ষেত্রে, বিধি বিধানের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে , সেটারও প্রতিরোধ করা ও প্রতিবাদী আওয়াজ তোলা এবং মানুষকে জাগ্রত করা। এটিও একটি বড় রাজনৈতিক সংগ্রাম হতে পারে।
আরেকটি রাজনৈতিক কর্মসূচি হলো, ইসলামের প্রেরণা ও নির্দেশনার ভিত্তিতে দেশ ও নাগরিকদের নানান সঙ্কট দূর করায় ভূমিকা রাখা। বৈষম্য, জুলুম, শোষণ থেকে মানুষকে উদ্ধার করা এবং ইনসাফ ও হকের পরিবেশ কায়েম করায় ভূমিকা রেখে যেতে থাকা।
আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বা বিধিবদ্ধ প্রচলিত রাজনীতির সঙ্গে আকাবির আসলাফদের গত ৭০, ৬০, ৫০ বছরের রাজনীতির যে ধারা দেখেছি, সেখানে এই প্রবণতা ও বৈশিষ্ট্যগুলোই প্রধানত দেখেছি। এখানে একটি তর্ক আসতে পারে যে, আসলে এ প্রক্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? এ জাতীয় ইসলামী রাজনীতির কোনো সুফল কি আদৌ আছে?
আমি মনে করি, এ তর্কটির চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে , একটি রাষ্ট্রে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার বিষয়টি হচ্ছে ইসলামী রাজনীতির একটি চূড়ান্ত লক্ষ্য। কিন্তু ইসলাম নিয়ে রাজনীতির ময়দানে কাজ করার আরও আংশিক দিকও কিন্তু আছে। যদি ধরে নেওয়া যায় যে, কোনো একটি মুসলিম রাষ্ট্রে বা মুসলিম প্রধান রাষ্ট্রে অথবা সাধারণ সেক্যুলার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনাটা নানা বাস্তব কারণে আপাত দৃষ্টিতে খুব ক্ষীণ, অপরদিকে সেই রাষ্ট্রেই আবার ইসলামবিরোধী বিভিন্ন প্রবণতা দিন দিন বাড়ছে, তখন ময়দানে থাকা ইসলামি দলের প্রধান কাজ হয়ে দাঁড়ায় ইসলামবিরোধী সেই তৎপরতা, ইসলাম বিরোধী সেই প্রকাশ্য আগ্রাসন, ইসলাম বিরোধী সাংস্কৃতিক সেই জটিলতা প্রতিরোধ করা। এটা করলেও ক্ষয়টা ফেরানো যায়। পতনকে ঠেকিয়ে রাখা এবং মানুষকে উদ্দিপ্ত করবার কাজটি একইসঙ্গে তখন সম্পন্ন হয়। এবং সেটি হয় রাজনৈতিক জাগরণের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে।
সেই আঙ্গিক থেকে নিয়মতান্ত্রিক ধারায় রাজনৈতিকভাবে পাকিস্তান আমলে বা বৃটিশ আমলের শেষ দিকে অনেক বরেণ্য বুজুর্গ আলেম-মনিষীকেও আমরা রাজনীতি চর্চা করতে দেখেছি। তারা যদিও বলেছেন, তাদের লক্ষ্য ছিল যে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করছি, কিন্তু প্রধান এ লক্ষ্যটির সাথে তখন কিছু অণুলক্ষ্যও যুক্ত ছিল। বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়। এটা তারা ঘোষণায় বলতেন না।
তারা মনে করতেন, ইসলামী বিধান বাস্তবায়ন করা এটা নিঃসন্দেহে বড় একটা সাফল্য। আবার ইসলামবিরোধী দশটা বিষয় প্রতিরোধ করতে পারা, সেগুলোও একেকটা ছোট সাফল্য। এ সব লক্ষ্য- অণুলক্ষ্য নিয়েই আসলে ইসলামী রাজনীতি। আমি রাজনৈতিক তৎপরতার সঙ্গে ইসলামি দলগুলোর যে ভূমিকা বা আলেম সমাজের যে ভূমিকা প্রতিষ্ঠিত, ওই প্রেক্ষাপট সামনে নিয়ে যদি নির্বাচন ও নির্বাচনী রাজনীতির কথা বলি, তাহলে আমি বলবো নির্বাচনগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রেও এ ধরণের লক্ষ্য থাকতে পারে।
বাংলাদেশে অতীতে একসময় প্রেসিডেন্সিয়াল সরকার ছিল বা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। তখন মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) বটগাছ মার্কায় নির্বাচন করেছেন এবং সরাসরি প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। তখন একরকম ধরে নেওয়া হয়েছিল যে তিনি বিজয়ী হবেন না। তারপরও তাঁর আগ্রহ ছিল যে, মানুষকে তওবার ডাক দেবো এবং মানুষকে জাগ্রত করবো। এটা ছিল ১৯৮১ সালের ঘটনা। স্বাধীনতার ঠিক ১০ বছর পরের। বাংলাদেশ আমলের ইসলামী রাজনীতি যদি এখন কেউ বিশ্লেষণ করতে চায় তাহলে হাফেজ্জী হুজুর (রহ.) – এর ওই ভূমিকাটাকে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করা হয়। যদিও তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি। তখন একটি লক্ষ্যকে সামনে নিয়ে তিনি মানুষের মাঝে উঠে দাঁড়িয়েছিলেন, জাগরণ সৃষ্টি করেছিলেন।অবশ্য তাঁরও আগে পাকিস্তান আমলে এতদঞ্চলে ইসলামী রাজনীতির সফল কান্ডারী ছিলেন মাওলানা আতহার আলী ( রহ.)।
৮১ সালের ঠিক দশ বছর পরে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে আসে। তখন থেকে নির্বাচনি রাজনীতির ধরণ একটু পাল্টে যায়। কারণ তখন একটা ব্যক্তিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নির্বাচন হয় না। তখন তিনশটা আসনকে কেন্দ্র করে নির্বাচন হয় এবং তিনশটা আসন থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়। এর জন্য জোট হয়, জোট ভাঙ্গে। আর সম্ভাবনা ও সঙ্কটের অনেক দিক সামনে চলে আসে। উলামায়ে কেরাম বা ইসলামি দলগুলো এই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্যে এরও ঠিক দশ বছর পরে অর্থাৎ ২০০১ সালের আগে আগে জোটবদ্ধ নির্বাচনী রাজনীতিতে যুক্ত হন। বিষয়টি সেবারই প্রকাশ্যে সামনে আসে।
এর আগেও জোট হয়েছে, কিন্তু তারা ইফেক্টিভ, দৃশ্যমান ও প্রভাব সৃষ্টিকারী অবস্থায় আসেন বাংলাদেশের রাজনীতিতে সে সময়টায়। এবং জোটের ধরণেও কিছুটা ভিন্নতা আসে। ইসলামী দলগুলির সঙ্গে মত ও অবস্থানের অনুকূল্যের ভিত্তিতে সাধারণ গণতান্ত্রিক দলের জোট তৈরি হয় তখন। চারদলীয় জোটের সঙ্গে নির্বাচনে লড়ে মুফতি ফজলুল হক আমিনী (রহ.) জাতীয় সংসদে এসেছিলেন। এসেছিলেন মুফতি শহীদুল ইসলাম , মাওলানা শাহিনূর পাশা , মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ।
এর আগে ১৯৮৮ সালে বিচ্ছিন্নভাবে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন, সেবার ধর্মপ্রতিমন্ত্রীও হয়েছিলেন। ওইটাকে আমি ইসলামি রাজনীতির স্বাভাবিক ধারার প্রতিনিধিত্ব বলবো না। এটা ছিল তার ব্যক্তিগত প্রয়াস। এর পরে ১৯৯১ সালে বিচ্ছিন্নভাবে কিশোরগঞ্জ থেকে মাওলানা আতাউর রহমান খান (রহ.) বিএনপির টিকিটে এমপি হয়েছিলেন। ওইটাও হয়তো ইসলামি রাজনীতি বা আলেমদের রাজনৈতিক সংগঠনের স্বাভাবিক ধারার অনুসরণ ছিল না। ওইটাও ছিল তাঁর ব্যক্তিগত প্রয়াস। তারা সাধারণ গণতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত হয়েই ইসলামের পক্ষে তাদের ভূমিকাটা রাখার চেষ্টা করেছিলেন। এবং তারা তাদের কাজ করে গেছেন। ৯১ সালের সংসদে অবশ্য সিলেট থেকে ইসলামী ঐক্যজোটের একজন এমপি ছিলেন। তিনি মাওলানা উবায়দুল হক (রহ.)।
আলেম ভিত্তিক ইসলামী দলগুলির বাইরে জামায়াতে ইসলামীর রাজনীতি ও নির্বাচনের মেরুুকরণটিও লক্ষ্য করবার মতো। প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর চিন্তাদৃষ্টির ভিন্নতার কারণে আলেম সমাজের মূলধারার সঙ্গে এবং মুক্তিযুদ্ধে বিরোধিতার কারণে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব তারা কৌশলে পার হওয়ার চেষ্টা করে। এরশাদ বিরোধী আন্দোলনে জোটবদ্ধ রাজনীতি করে তারা ময়দানে সহনীয় জায়গা বাগিয়ে নেয়। ৯১-এর সংসদে তারা প্রায় ১৮ টি আসন লাভ করে এবং সরকার গঠনে বিএনপিকে সরকারের বাইরে থেকে সমর্থন দেয়। ৯৬/২০০১/২০০৮ – এ তাদের আসন এ সংখ্যার মধ্যেই কমতে বাড়তে থাকে। বলা যায়, বর্তমানে তাদের ওপর দিয়ে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়টা যাচ্ছে।
২০০১ সালের নির্বাচনে বৃহত্তর জোটের রাজনীতিতে আলেম ভিত্তিক ইসলামী দলগুলো যুক্ত হয়। এরপর থেকে জোটের রাজনীতি ও নির্বাচন একটি বড় রকম আবশ্যিকতা, সম্ভাবনা কিংবা সঙ্কট সামনে নিয়ে আসে। ২০০৬/ ২০০৮ সালে এসে জোটের রাজনীতির ধরনটা আরো বিক্ষিপ্ত হয়ে পড়ে । তবে সময়ের সঙ্গে সঙ্গে আবারো দলগুলো গুছিয়ে উঠতে শুরু করে। নির্বাচনের বাইরে মাঠে – ময়দানে বিভিন্ন বিষয়ে প্রতিরোধ আয়োজনে সাড়া ফেলে এগিয়ে যায়।
অনুলিখনঃ ওমর ফারুক
( সংশ্লিষ্ট আরেকটি লেখা আসছে শীঘ্রই )
