
ওমর ফারুক
ইসলাম সামগ্রিক ও স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মূলনীতির ওপরেই ইসলামি তামাদ্দুন ও সংস্কৃতি প্রতিষ্ঠিত। ইসলামি সংস্কৃতি প্রকৃত অর্থে মানবিক সংস্কৃতিও বটে। যার রয়েছে বিশ্বব্যাপী সম্প্রসারণ ও প্রভাব বিস্তারের ক্ষমতা।
ইসলামি সংস্কৃতির একটি বিশেষ অংশ ইসলামি সঙ্গীত। ইসলামি সংস্কৃতি চর্চায় ধর্মীয় সঙ্গীত চর্চার বিষয়টি ব্যাপক গুরুত্ব বহন করে। সম্প্রতি ইসলামী সঙ্গীত নিয়ে শুরু হয়ে হয়েছে আলোচনা ও সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিতর্ক ব্যাপকভাবে দানা বাঁধে। ইসলামি সঙ্গীত বা শর্ট ফিল্মের কয়েকটি ভিডিও প্রকাশ হওয়ার পর এ বির্তকের সূচনা হয়। এর কারণ কী, ইসলামি সঙ্গীত কি সময়ের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।
ফাতেহ২৪ এর পক্ষ থেকে এসব প্রশ্ন নিয়ে কথা হয় দেশের দুই ইসলামি সঙ্গীত বিশেষজ্ঞ কবি মুহিব খান ও কবি সাইফ সিরাজের সঙ্গে। একজন খ্যাতিমান কবি ও সঙ্গীত শিল্পী, অপরজন গীতিকার, সুরকার ও লেখক। এ প্রতিবেদকের কাছে তারা তুলে ধরেছেন ইসলামি সঙ্গীতের সঙ্কট ও সম্ভাবনাময় বর্তমান ও ভবিষ্যৎ।
ইসলামি সঙ্গীত বিষয়ে সম্প্রতি যেসব নেতিবাচক দিকগুলো উঠে এসেছে, সেসব কবি মুহিব খানের কাছে তুলে ধরলে তিনি বলেন, হামদ নাত হচ্ছে মৌলিক ইসলামি সঙ্গীত। যেহেতু ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে তাওহিদ ও রেসালাত। তাওহিদের সম্পর্ক একমাত্র আল্লাহর দিকে। আল্লাহর বড়ত্ব, আল্লাহর অস্তিত্ব ও আল্লাহর প্রশংসা সূচক সঙ্গীতকে হামদ বলা হয়। ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, রেসালত। রেসালাতের প্রচার, রাসুলের প্রশংসা ও মহিমা তুলে ধরাকে না’ত বলা হয়। এগুলো হলো প্রথম স্তরের ইসলামি সঙ্গীত।
‘তারপর পর্যায়ক্রমে দ্বীনের শরিয়া সংক্রান্ত বিষয়াবলী, দ্বীনের ঐতিহ্য, আমাল, সামাজিক কল্যাণ ও নীতি আদর্শ বিষয়ে যেসব সঙ্গীত গাওয়া হয়, এগুলোও ইসলামি সঙ্গীতের মাঝে পড়ে। অর্থাৎ যা ইসলামি বিরোধী নয়, তাই ইসলামি সঙ্গীত। অতএব, হামদ, নাত, ইসলামি শরিয়ার কোনো বিষয়, ইসলামের বিশ্বাস ও নীতির কোনো প্রসঙ্গ নিয়ে যদি সঙ্গীত গাওয়া হয়, তাহলে সে সঙ্গীতের কথা, ভাষা, সুর ও পরিবেশনা, এর সবকিছুই খুব পরিচ্ছন্নভাবে ইসলামের অনুকূলে হওয়া উচিত।
কবি মুহিব খান বলেন, সম্প্রতি ইসলামি সঙ্গীত চর্চার বিষয়ে যে অভিযোগগুলো উঠেছে, তার ফতোয়াগত ব্যাখ্যায় আমি যাবো না। তবে আমার কথা হচ্ছে, ইসলামের প্রতিনিধিত্ব করার সময় প্রশ্নবিদ্ধ বা বদনাম হতে পারে এমন কাজ থেকে বিরত থাকা জরুরী। শুধু তাই নয়, রুচিরও একটি ব্যাপার থাকে।বেমানান কিছু করা যাবে না। আমি আলাদা করে পোশাক বা মিউজিকের ধরণের বিষয়ে কিছু বলবো না।
‘শুধু ইসলামি সঙ্গীত নয়, সব সঙ্গীতের মূল বিষয় হচ্ছে তার বক্তব্য। সঙ্গীত যদি শুনার বিষয় না হয়ে দেখার বিষয় হয়ে যায়, তাহলে সঙ্গীত তার মর্যাদা হারায়। সঙ্গীতের মর্মকথা যাতে অর্থবহ হয়। সেটা যেন মানুষ কান দিয়ে শুধু নয়, প্রাণ দিয়েও শুনে, মানুষ যাতে প্রভাবিত হয়, ভেতর থেকে পরিবর্তিত হয়।’
বাংলাদেশ ইসলামি সঙ্গীতের সূচনার কথা তুলে ধরে কবি সাইফ সিরাজ বলেন, এ দেশে ইসলামি সঙ্গীতের সূচনা হয়েছিল মূলত ওয়াজ মাহফিলের মাধ্যমে। কাজী নজরুল ইসলামের ইসলামি সঙ্গীত ও ‘ইয়াকুব নবী বাস করিতেন কিনানে’ ওয়াজ মাহফিলে এ ধরণের সঙ্গীত একসময় খুব জনপ্রিয় ছিল; মানুষের আবেগকে জাগিয়ে তুলতো। তবে এসব সঙ্গীত সেসময় খুব একটা ব্যাপকতা পায়নি।
‘পর্যায়ক্রমে সাইমুম শিল্পী গোষ্ঠীর মাধ্যমেও ইসলামি সঙ্গীত অনেকটা এগিয়ে যায়। তবে তা ছিল বিতর্কিত। ঐতিহ্যবাদী ধর্মীয় সমাজ সাইমুমের অনেক গানকেই গ্রহণ করেনি। অভিযোগ ছিল এগুলো ইসলামি সঙ্গীত নয়, বরং গান। তারপর ঐতিহ্যবাদী ধর্মীয় সমাজ থেকেই বাংলাদেশের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইনুদ্দীন আল আযাদ ও মুহিব খানের উত্থান ঘটে । যারা ইসলামি সঙ্গীতের জগতে ব্যাপক সাড়া ফেলেছিলেন।’
‘ইসলামি সঙ্গীতেরও কনসার্ট হতে পারে, এমন ধারণা তারাই তৈরি করেছিলেন। আমাদের ধারায় মৌলিক ও আধুনিক ধারার লিরিক নিয়ে মুহিব খানই সূচনা করেন নতুন দিগন্তের। মুরুব্বি পর্যায়ের আলেমরাও তা গ্রহণ করতে শুরু করেন। খুলে যায় ইসলামি সঙ্গীতের নতুন সম্ভাবনা।’
ইসলামি সঙ্গীতের সম্ভাবনা নিয়ে কবি সাইফ সিরাজ বলেন, তবে সে সময়টাতে সঙ্গীত চর্চায় ব্যাপকতা এলেও সঙ্গীতের সঙ্গে জড়িত একটি অংশকে অবহেলা করা হতো। সুরকার, গীতিকার ও লিরিক লেখকদের কোনো মূল্যায়ণ করা হতো না। তারা অনেকটা অবহেলিত হয়ে এ কাজগুলো বন্ধ করে দিতে শুরু করেন। ফলে সঙ্গীত শিল্পীদেরও জনপ্রিয়তা কমতে শুরু করে। কমে আসে ইসলামি সঙ্গীত চর্চাও।
তিনি বলেন, তবে ২০১২-১৩ সালের পর থেকে ইসলামি সঙ্গীতের মোড় ঘুরে যায়। সে সময়েই আমরা সঙ্গীত লেখা শুরু করলাম। প্রথমে নতুন শব্দ ও আঙ্গিকের লিরিকগুলো শিল্পীরা তেমন একটা গ্রহণ করতে চায়নি। তবে কয়েকটি সঙ্গীত প্রকাশ হওয়ার পর তাদের আগের চেয়েও জনপ্রিয়তা বেড়ে যায়। শুরু হয় ইসলামি সঙ্গীতের নতুন দিন।
কবি সাইফ সিরাজ বলেন, আমরা আদর্শ, রুহানিয়াত ও আধ্যাত্মিকতার জায়গা থেকে ইসলামী সঙ্গীত লেখার চেষ্টা করি। এ আদর্শের ওপর থেকে আমাদের দেশের শিল্পীরা সঙ্গীত চর্চা করলে বিশ্বমানের ইসলামি সঙ্গীত তাদের পক্ষেও উপহার দেওয়া সম্ভব। ইসলামি সঙ্গীত হয়ে উঠতে পারে দ্বীনের দাওয়াতের আধুনিক মাধ্যম। তরুণ প্রজন্মকে গান বাজনার নেশা থেকে বের করে ইসলামি আদর্শে উদ্বোধ্য করা সম্ভব হবে।
‘আমাদের শিল্পীরা আহমেদ বুখাতির, মাহের যাইন, মুহাম্মদ আল মুকিত, ইমাদ রামি, সামি ইউসুফের মতো সঙ্গীত উপহার দিতে পারবেন। দেশের রেমিটেন্সেও তাদের অবদান যোগ হবে। ইসলামেরও দাওয়াতি কার্যক্রম হবে বিস্তৃত।’
