
ফাতেহ ডেস্ক: বরিশাল-২-এ আওয়ামী লীগ-বিএনপি দুই দলেই আছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। আছে অভ্যন্তরীণ দ্বন্দ্বও। বর্তমান এমপি তালুকদার মোহাম্মদ ইউনুসের বিপরীতে নৌকা মার্কায় ভোটে আগ্রহী এ কে ফাইয়াজুল হক। আর বিএনপিতে সরফুদ্দিন আহমেদ সান্টুর পাশাপশি প্রার্থী হতে চান সাবেক হুইপ শহিদুল হক জামাল।
বানারীপাড়া-উজিরপুর নিয়ে বরিশাল-২ আসন। ৩ লাখ দুই হাজার ৩শ তেত্রিশ ভোটের এক লাখ ৪৯ হাজার ৮৬ জন নারী। নতুন ভোটার ৪৩ হাজার ২৭৯।
দুই পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে এই আসনে পৌর এলাকায় বিদ্যুতের আলো মিললেও এখনও অবহেলিত গ্রাম-জীবন। এবারের ভোটে তাই গত নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু হলো সেই হিসাব কষছেন ভোটাররা।
গত দুই নির্বাচনে আসনটি আওয়ামী লীগের হাতে থাকায় এবার সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও বেশি। বর্তমান এমপি তালুকদার মোহাম্মদ ইউনুসের বিপরীতে মনোনয়নে আগ্রহী শেরে বাংলার নাতি এ কে ফাইয়াজুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, এম মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।
প্রার্থী প্রশ্নে বিভক্তি আছে বিএনপিতেও। বানারীপাড়া বিএনপির সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু আগ্রহ দেখানোয় নড়েচড়ে বসেছেন সাবেক হুইপ শহিদুল হক জামালও। তবে একে বিভক্তি নয়, নেতৃত্বের প্রতিযোগিতা বলছে কেন্দ্র।
দেশের প্রথম নির্বাচনে এ আসন থেকে জেতে আওয়ামী লীগ। এরপর তা ফিরে পেতে লেগেছে ৩৬ বছর। স্বাধীনতা পর এই আসনে সবচেয়ে বেশি চারবার সংসদ সদস্য পেয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ ৩, ওয়ার্কার্স পার্টি ও বিএনপি জিতেছে দুবার করে।
