
ফাতেহ ডেস্ক: রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ নেতা। এ বৈঠক জাতীয় নির্বাচনে প্রভাব রাখবে বলে আশাবাদী বিএনপি নেতারা।
গত সংসদ নির্বাচনের আগে সরকারের ধরন ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আপত্তি ছিল বিএনপিসহ বেশ কিছু দলের। সে সময় সংকট সমাধানে আন্তর্জাতিক বিভিন্ন মহলের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে শেষপর্যন্ত বিএনপির বর্জনের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন।
এবার একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগের অবস্থানেই বিএনপি। আন্তর্জাতিক পর্যায়েও তৎপর রয়েছে দলটি। এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দেয় বিএনপি। এর ধারাবাহিকতায় সম্প্রতি দলটির প্রতিনিধিদের নিউ ইয়র্কে আমন্ত্রণ জানান জাতিসংঘ মহাসচিব।
আলোচনায় অংশ নিতে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির লন্ডন থেকে গেছেন নিউ ইয়র্কে ।
জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি প্রতিনিধি দল। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার কারামুক্তি ও সংসদ নির্বাচন নিয়ে বিএনপির পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
এ সফরে জতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাত হতে পারে বিএনপি নেতাদের।
