
ফাতেহ ডেস্ক: নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে গুলিবিদ্ধ ৩ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আলমপুরের ১১ নম্বর ব্রীজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের স্বজনেরা জানান, নিহত সোহাগ ভূঁইয়া, নুর হোসেন বাবু ও শিমুল আজাদ একে অপরের বন্ধু। ঢাকার নিকেতন, মহাখালী ও রাজারাবাগ এলাকার বাসিন্দা তারা। তিন দিন আগে কুষ্টিয়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিন বন্ধু।
বাবুর পরিবারের দাবি মঙ্গলবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়ার ফেরিঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের আটক করা হয়। এরপর থেকে মানিকগঞ্জসহ রাজধানীর বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, সড়কের পাশে ৩ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
পরে ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা হত্যার পর মরদেহগুলো ফেলে গেছে দুর্বৃত্তরা।
