
ফাতেহ ডেস্ক: ফিলিপাইনে তাণ্ডবের পর চীন ও হংকংয়ে আঘাত হেনেছে টাইফুন মংখুত। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। চীনে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ২৬ খনিশ্রমিক মারা গেছে। নিখোঁজ ৮ জন।
চীনের দক্ষিণ উপকূলে স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে আঘাত হানে টাইফুন মংখুত।
দেশটির সবচেয়ে জনবহুল গুয়াংডং প্রদেশে সবচেয়ে বড় ঝড়ের সতর্কতা জারি করা হয়। আঘাত হানার মুহূর্তে ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছিলো। প্রদেশের সাতটি শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে সাড়ে ২৪ লাখ বাসিন্দাকে। ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
হংকংয়েও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘরের বাইরে না বেরুনোর পরামর্শ দেয়া হয়েছে বাসিন্দাদের। সেখানে ঝড়ো হাওয়া গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয় আটশরও বেশি ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে বহু দোকানপাট ও সরকারি সেবা সংস্থা।
এর আগে, শনিবার মধ্যরাতে ঘণ্টায় ২৫৫ কিলোমিটার গতিতে ফিলিপাইনের লুজন দ্বীপে আঘাত হানে মংখুত। লণ্ডভণ্ড হয় দেশটির উপকূলীয় এলাকা। বৃষ্টিতে ভূমিধসে প্রাণহানি হয়েছে বেনগুয়েত প্রদেশে।
কোর্ডিলেরা আঞ্চলিক অফিসের পুলিশ পরিচালক রোলান্দো নানা বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় শনিবার পর্যন্ত উদ্ধারকর্মী, যানবাহন কোনো কিছুই ওই এলাকায় যেতে পারেনি। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
দ্বীপটিতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। ভারী বৃষ্টিতে ৫১টি ভূমিধসের ঘটনা ঘটেছে। ১০ লাখ মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।
