
ফাতেহ ডেস্ক: ভারত, চীনসহ এশিয়ার পাঁচটি দেশ থেকে ৬০২টি পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে বাংলাদেশ। এ তালিকায় রয়েছে লাওস, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা।
এ বিষয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট-আপটার আওতায় এ সুবিধা দিয়েছে বাংলাদেশ।
এর ফলে এসব দেশ থেকে পণ্য আমদানিকারকরা শুল্ক ছাড়ের সুবিধা পাবেন। ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ শুল্ক রয়েছে, এমন পণ্য ছাড়ের সুবিধার আওতায় আসবে। গত জুলাই থেকে এ আদেশ কার্যকর বলে জানানো হয় আদেশে।
এনবিআর বলছে, আপটাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এর আওতায় মোট ৬০২টি পণ্যে এ সুবিধা দেয়া হয়েছে। তবে লাওস বাদে বাকি চারটি দেশ থেকে ৫৯৮টি পণ্য এ সুবিধা পাবে। আর স্বল্পোন্নত দেশ হওয়ায় বাড়তি চারটি পণ্যে শুল্ক ছাড়ের সুবিধা পাবে লাওস।
