ভারতীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বে হিলিতে পাথর আমদানি বন্ধ

ফাতেহ ডেস্ক: ভারতীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরে টানা সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি। এতে পাথরের দাম বেড়েছে টনপ্রতি ১০০ টাকা। হঠাৎ পাথরের দাম বাড়ায় লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা।

গত শনিবার বন্দরে পাথর রপ্তানির গাড়ির সিরিয়াল নিয়ে বিরোধ দেখা দেয় ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে। এর ফলে রোববার থেকে হিলি স্থল বন্দর দিয়ে বন্ধ হয়ে যায় পাথর আমদানি।

সাতদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্ব না মেটায় তা প্রভাব ফেলছে স্থলবন্দরের কার্যক্রেমে। আমদানি বন্ধ থাকায় পাথরের দাম টনপ্রতি ১০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৮০০ টাকায়। এছাড়া কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনে দু’টি বৈঠক হলেও কোন সিদ্ধান্ত না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পাথর আমদানি। আজই আরেকটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে আশা করছেন আমদানিকারকরা।

এক সপ্তাহে সরকার, পাঁচ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

হিলি স্থল বন্দর দিয়ে প্রতিদিন ৮০ থেকে ১০০ গাড়ি পাথর আমদানি হয়। অচলাবস্থার কারণে বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পাথর বোঝাই কয়েকশ’ ট্রাক।

আগের সংবাদবিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে গাজার বাসিন্দারা
পরবর্তি সংবাদবাড়ছে চাপ: কওমি মাদরাসা কীভাবে স্বকীয়তা রক্ষা করবে?