ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের আদর্শের পরিপন্থী : সম্পাদক পরিষদ

ফাতেহ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনকে বাংলাদেশের আদর্শের পরিপন্থী হিসেবে মনে করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম।

তথ্য মন্ত্রণালয়ে তিন মন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, ‘এই আইনের বিষয়ে আমরা মনে করি, সংবিধানের দেয়া আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব প্রেস-এগুলো লঙ্ঘন করে। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের আদর্শের পরিপন্থী এ আইন।’

মাহফুজ আনাম বলেন, ‘আমরা সম্পাদক পরিষদ থেকে একটা বিস্তারিত এবং আর্টিকেল বাই আর্টিকেল অভিমত প্রকাশ করে খবরের কাগজে ছেপেছি। আমি সাংবাদিকসহ সব ধরনের মানুষকে অনুরোধ জানিয়েছে, আইনটি পুরোপুরি পড়ুন এবং নিজেরাই বিচার করুন; আইনটি দেশের জন্য ভালো কিনা?’

তিনি আরো বলেন, ‘আজকের আলোচনায় আমাদের আপত্তিগুলো লিখিত আকারে মন্ত্রীর নিকট দিয়েছি। এর ফলে আমাদের আর্গুমেন্টগুলো স্পষ্ট হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মতবিরোধ কিছু হয়েছে তবে উনারা আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের অভিযোগগুলো নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রী আগামী বা তার পরের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে আনিসুল হক বলেন, ‘আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩- এ নয়টি ধারা নিয়ে মূলত আজকের আলোচনা। অন্য ধারার বিষয়ে কারও বক্তব্য নেই।

যেহেতু আইনটি ইতোমধ্যে জাতীয় সংসদে পাস হয়েছে, যদিও এখনও রাষ্ট্রপতি আইনটিতে স্বাক্ষর করেননি; সেহেতু সম্পাদক পরিষদের কিছু আপত্তির বিষয়ে যেগুলো সংবাদপত্রে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে- সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করবো।’

‘তবে আজকের বৈঠকে ২১ ধারাটা যেভাবে আছে সেভাবেই থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ বলে তিনি জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল সমাজে রূপান্তরিত হচ্ছে। এ ডিজিটাল জগতে ডিজিটাল অপরাধীরা উৎপাত ও বিপদ হিসেবে দেখা দিয়েছে। এ অপরাধীদের শক্ত হতে দমন করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। তবে কোনো আইন দ্বারা যদি গণমাধ্যমকর্মীরা ক্ষতিগ্রস্ত হয় সেটি আমাদেরও উদ্বেগ। আমি মনে করি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধান করা গণতান্ত্রিক কাজ।’

এর আগে রবিবার ডিজিটাল নিরাপক্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তিন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আবুয়াল হোসেন।

সম্পাদক পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো’র মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, যুগান্তরের সাইফুল আলম, নিউএজের নূরুল কবির, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, ইন্ডিপেন্ডেন্টের মো. শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান ও সমকালের মুস্তাফিজ শফি প্রমুখ।

আগের সংবাদচিরনিদ্রায় শায়িত মাওলানা আহলুল্লাহ ওয়াসেল
পরবর্তি সংবাদসেনাবাহিনীতে প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি