
ফাতেহ ডেস্ক: প্রোটিনের রূপান্তর প্রক্রিয়া নিয়ে গবেষণার স্বীকৃতি দিয়েছে নোবেল কমিটি। এ বছর রসায়নে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস এইচ আর্নল্ড এবং জর্জ পি স্মিথ ও যুক্তরাজ্যের স্যার গ্রেগরি পি উইন্টার।
ফ্রান্সেস আর্নল্ড হলেন রসায়নে নোবেল পাওয়া পঞ্চম নারী। সুইডেনের স্টকহোমে ১০ ডিসেম্বর তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
জীবদেহের এনজাইমের বিবর্তন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে রসায়নে নোবেল পুরষ্কার পেলেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস আর্নল্ড। ১৯৯৩ সালে আর্নল্ড এনজাইমকে নিয়ন্ত্রিতভাবে বিবর্তনের পদ্ধতি আবিষ্কার করেন। এনজাইম প্রাণিদেহে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে।
আর্নল্ডের আবিষ্কৃত পদ্ধতি ব্যবহার করে নিয়ন্ত্রতিভাবে এনজাইমের বির্বতন সম্ভব হয়েছে, যার সাহায্যে পরিবেশবান্ধব জ্বালানি ও ওষুধ প্রস্তুত করা যাচ্ছে। আর এই অবদানের কারণে পুরস্কারের অর্ধেক অর্থ পাচ্ছেন তিনি।
আর যুক্তরাষ্ট্রের জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের স্যার গ্রেগরি পি উইন্টার রসায়নে নোবেল পেয়েছেন পেপটাইড ও অ্যান্টিবডিতে ফেজ ডিসপ্লে পদ্ধতি ব্যবহারের জন্য। ১৯৮৫ সালে ইউনিভার্সিটি অব মিসৌরির জর্জ পি স্মিথ ফেজ ডিসপ্লে পদ্ধতি আবিষ্কার করেন।
এই পদ্ধতিতে ব্যাকটেরিয়াতে ভাইরাসের সংক্রমণ ঘটিয়ে নতুন প্রোটিন সৃষ্টি করেন তিনি। আর গ্রেগরি উইন্টার এই ফেজ ডিসপ্লে পদ্ধতি ব্যবহার করে অ্যান্টিবডির নিয়ন্ত্রিত বিবর্তন ঘটান। এর মাধ্যমে নতুন ওষুধ উৎপাদন সম্ভব হয়েছে।
সুইডিশ একাডেমি অব সায়েন্স সেক্রেটারি জেনারেল প্রফেসর গোরান হ্যানসন বলেন,”এনজাইমের নিয়ন্ত্রিত বিবর্তনের সূত্র অনুসন্ধানের জন্য নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস এইচ আর্নল্ড। তিনি পাবেন পুরস্কারের অর্ধেক অর্থ।
আর বাকি অর্ধেক পাবেন, যৌথভাবে যুক্তরাষ্ট্রের জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের স্যার গ্রেগরি পি উইন্টার ফেজ ডিসপ্লের মাধ্যমে পেপটাইড ও অ্যান্টিবডি সৃষ্টিতে অবদান রাখার জন্য।”
পরীক্ষাগারে চার্লস ডারউইনের নীতির প্রয়োগ ঘটিয়ে সফল হয়েছেন বলেই তারা নোবেল পেয়েছেন বলে বিবৃতি দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেন। ফ্রান্সিস এইচ আর্নল্ডের আগে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন আরো চার নারী।
