
ফাতেহ ডেস্ক: পাঁচ মিনিটের ট্রাফিক সিগন্যালে আমরা অতিষ্ঠ হয়ে যাই। আর ১ ঘণ্টার জ্যামে পড়লে তো কথাই নেই। ইচ্ছে করবে পাখিতে রূপান্তরিত হতে! কিন্তু যদি টানা ১২ দিনের জ্যামে পড়েন তা হলে কেমন লাগবে ভাবুন একবার।
ভাবতে যেমনই লাগুক এমনটাই একবার ঘটেছিল চীনের বেইজিংয়ে। ২০১০ সালের আগস্টের ঘটনা। বেইজিং-তিব্বত এক্সপ্রেসওয়েতে টানা ১২ দিন ধরে স্থায়ী ছিল যানজট। তবে ইতিহাসে এ রকম আরও অনেক ট্রাফিক জ্যামের ঘটনা আছে যা জানলে আঁতকে উঠতে হয়।
১৯৯০ সালের এপ্রিলে বার্লিন দেয়াল ভাঙার দিনের ঘটনা। পূর্ব ও পশ্চিম জার্মানি এক হলো; যেখানে ৫ লাখ গাড়ি যেতে পারত সেখানে দুই জার্মানি থেকে প্রায় এক কোটি ৮০ লাখ গাড়ি বেরিয়ে পড়েছিল রাস্তায়। প্রত্যেকেই বন্ধু ও প্রিয়জনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। টানা ৪৮ কিলোমিটার ধরে ৪৮ ঘণ্টা স্থায়ী ছিল এ যানজট।
১৯৬৯ সালের আগস্টে আমেরিকার নিউইয়র্কের অধিবাসীরা তিন দিনের যানজটের কবলে পড়েছিলেন। এর দৈর্ঘ্য ছিল ৩২ কিমি। এর কারণ, মিউজিক ফেস্টিভ্যাল চলায় নিউইয়র্কের রাস্তায় তখন ৫ লাখ মানুষ নেমে পড়েছিলেন। পরে বাধ্য হয়ে সেই মিউজিক ফেস্টিভ্যালের শিল্পীদের হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল অনুষ্ঠানে।
ঈদের ছুটির সময় একবার ইন্দোনেশিয়ার ব্রেবেসে ২০ কিমি জুড়ে যানজট হয়েছিল। ২০১৬ সালের জুলাইয়ে টানা তিন দিনের এই যানজটের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়।
