জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

ফাতেহ ডেস্ক: জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে ১ নভেম্বর। এবার পরীক্ষায় অংশ নেবে ২৬ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্নফাঁস ঠেকাতে সব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ে বিকেলে পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা জানান।

গত কয়েক বছরে বেশ কয়েকটি পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ জন্য পরীক্ষার সময়ে বেশকিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

নভেম্বরের ১ তারিখে অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষাতেও নেয়া হচ্ছে এ ধরনের পদক্ষেপ। প্রশ্নফাঁস ঠেকানোর উপায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সোমবার মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে।

এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা চলার সময় শুধু কেন্দ্র সচিব একটি সাধারন ফোন ব্যবহার করতে পারবেন।

প্রশ্নফাঁসের গুজবের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।

আগের সংবাদআজ রাষ্ট্রীয় সফরে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের দাবিকে স্বাগত জানিয়েছে ২০ দল