তারেক রহমানকে ফৌজদারী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে হবেঃ প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বলেছেন, ফৌজদারী অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই তারেক রহমানকে ফিরিয়ে নেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা তাকে দেশে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।

তাঁর সরকার তারেককে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে।’

প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকান্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে, চিন্তা করে দেখুন কত বড় সন্ত্রাসী সে।

লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাংচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে। আমি জানতে চাই তারা এই সাহস কোথেকে পেল?

বিএনপিকে দেউলিয়া সর্বস্ব দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কিভাবে একজন পলাতক আসামীকে দলের চেয়ারম্যান মনোনীত করে। তারা আসলে দেশের ইমেজ ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, যারা জাতির পিতার প্রতিকৃতি ধ্বংস করেছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমি প্রবাসী বাংলাদেশীদের বলবো আপনারা দেখেছেন কারা জাতির পিতার প্রতিকৃতিকে অবমাননা করেছে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।

আগের সংবাদবেগম জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন নয় : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদপ্রতিদিন সারা দেশের সড়ক-মহাসড়কে লাশ হচ্ছে কমপক্ষে ৬৪ টি তাজা প্রাণ, পরিকল্পিত হত্যাকাণ্ড