টাকা পয়সা নয়, সরকারের কাছে শিক্ষার মান চেয়েছি : মাওলানা আবদুল কুদ্দুস

ফাতেহ ডেস্ক : কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আবদুল কুদ্দুস বলেন, ‘কওমি মাদরাসার সনদের স্বীকৃতির মাধ্যমে সরকার এদেশে আহলে সুন্নত ওয়াল জামাতকে স্বীকৃতি দিয়েছে। চার মাযহাবের অনুসারী ছাড়া আর কোনো আহলে সুন্নত ওয়াল জামাতের অস্তিত্ব নেই।’

রোববার (৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসা কর্তৃপক্ষ কমিশন আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শুকরানা মাহফিলে স্বাগত বক্তব্যে এ কথা বলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আবদুল কুদ্দুস।

তিনি আরো বলেন, কওমি মাদরাসা ধারার উলামায়ে কেরাম ও তাবলিগ আহলে সুন্নত ওয়াল জামাত। অন্য কেউ আহলে ‍সুন্নত ওয়াল জামাত নয়। যারা নবীদের নিষ্পাপ মনে করে না, সাহাবীদের নিষ্পাপ মনে করে না তারা আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়।

মাওলানা আবদুল কুদ্দুস বলেন, আমরা সরকারের কাছে কখনো টাকা পয়সা নেব না। আমরা কেবল শিক্ষার মান চেয়েছি। কওমি মাদরাসার শিক্ষার্থীরাও যে শিক্ষিত সরকারিভাবে এটি যেন প্রতিষ্ঠিত হয়। এটিই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শোকরানা স্বারক তুলে দেন আল্লামা শাহ আহমদ শফী। এছাড়া আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে ক্রেস্ট তুলে দেন আল্লামা আশরাফ আলীসহ উলামায়ে কেরাম।

আল হাইআতুল উলইয়ার চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, হাইআতুল উলইয়ার কো চেয়রম্যান আল্লামা আশরাফ আলী, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আবদুল বছির, মাওলানা আবদুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।

আগের সংবাদতদন্তে মিললো দুই আততায়ীর খোঁজ
পরবর্তি সংবাদপাক-আফগানের উলামারা কীভাবে ভুলবেন মাওলানা সামিউল হকের অবদান!