
ফাতেহ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।
কারাভোগের ২২ দিন পর সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার মনির হোসেন। তিনি বলেন, রোববার উচ্চ আদালতে জামিনের আদেশ হাতে পায় কারা কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে সোমবার সকালে তাকে মুক্তি দেয়া হয়।
সূত্র জানায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলনের সময় নওমী নামে এক বিএনপি কর্মীর সঙ্গে আমীর খসরুর ‘কথিত’ ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই ফোনালাপে ঢাকায় ৪০০-৫০০ লোক নামিয়ে দেয়ার কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, এখনই তো সময়।
নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে নেপথ্যে থেকে বিএনপি কলকাঠি নাড়ে বলে অভিযোগ করে আওয়ামী লীগ।
৪ আগস্ট চট্টগ্রাম কোতোয়ালি থানায় বিএনপির প্রভাবশালী নেতা আমীর খসরুর বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
