
ওমর ফারুক
পাকিস্তানের তাবলীগ জামায়াতের সাবেক আমির প্রয়াত মাওলানা হাজী ওয়াহ্হাব সম্পর্কে মাওলানা তারিক জামিল মন্তব্য করেছিলেন, আল্লাহর পথে ত্যাগ ও কুরবানি দেওয়ার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আসেন ও আসবেন। যাদের একজন মাওলানা হাজী ওয়াহ্হাব।
মাওলানা হাজী ওয়াহ্হাবের ত্যাগ ও কুরবানীর এমনই এক চিত্র তুলে ধরেছে পাকিস্তানের সংবাদমাধ্যম উর্দু পয়েন্ট। তাবলীগ জামায়াতের গুরুত্বপূর্ণ মুরুব্বী মাওলানা ইসরার মাদানীর বরাত দিয়ে উর্দু পয়েন্টের এক অডিও প্রতিবেদনে দাবি করা হয়, মাওলানা হাজী ওয়াহ্হাবকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ অর্থ প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেন।
মাওলানা ইসরার মাদানী বলেন, নওয়াজ শরীফ যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন তিনি রায়বেন্ড মার্কাযে আসেন। তিনি হাজী আব্দুল ওয়াহহাবের সঙ্গে দেখা করেন ও তাঁকে মোটা অঙ্কের অর্থ উপহার দেওয়ার প্রস্তুাব দেন।
হাজী আব্দুল ওয়াহহাব এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, মিয়া সাহেব আমাদের অর্থ নয়, আমাদের শুধু আপনার সময় প্রয়োজন। আপনি যদি আল্লাহর পথে তিন দিন বা চল্লিশ দিন দিতে পারেন তো বিসমিল্লাহ। তখন নওয়াজ শরীফ বলেন, হাজী সাহেব আপনাকে এ পরিমাণ অর্থ উপহারের জন্য আর কাউকে পাবেন না। তখন হাজী সাহেব উত্তর দিয়েছিলেন, আপনিও এ পরিমাণ অর্থ ফিরিয়ে দেওয়ার মতো আর কাউকে পাবেন না।
