সবচেয়ে বড় রামের মূর্তি নির্মাণের ঘোষণা দিল ভারত

ফাতেহ ডেস্ক : ভারতে এবার হিন্দু ধর্মের অবতার রামের সবচেয়ে বড় মূর্তি নির্মাণের ঘোষণা দিল উত্তর প্রদেশের বিজেপি সরকার। গত শনিবার রাতে এই ঘোষণা দেওয়া হয়।

মূর্তিটি গুজরাটে স্থাপিত ১৮২ ফুট সর্দার বল্লভের মূর্তির চেয়েও বড় হবে বলে জানিয়েছে বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রামের মূর্তিটি লম্বায় হবে ২২১ মিটার। এটি তৈরি হবে সরায়ু নদীর ধারে।

তবে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সরকার জানিয়েছে, মূল মূর্তিটির উচ্চতা হবে ১৫১ মিটার। এ বিশাল রাম মূর্তিটি ৫০ মিটার উঁচু একটি আধারের উপর বসবে। এর শীর্ষে থাকবে ২০ মিটার উঁচু একটি আবরণ। বিজ্ঞপ্তির সঙ্গে মূর্তির একটি প্রতীকী ছবিও দেওয়া হয়। মূর্তিটি নির্মাণের পর এটিই হবে ভারতের সবচেয়ে বড় উচ্চতার মূর্তি।

তবে সরকার থেকে এর খরচের ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। মূর্তি নির্মাণে বিশাল অংকের টাকার উৎস সম্পর্কেও জানানো হয়নি। সম্প্রতি গুজরাটে ২৯৯০ কোটি টাকা খরচে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করেছে ভারত। রামের মূর্তিটি সেই সর্দার বল্লভের মূর্তিকেও ছাপিয়ে যাবে বলে জানিয়েছে বিজেপি সরকার।

এদিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিলম্ব হচ্ছে দাবিতে যখন বিভিন্ন ধর্মীয় সংগঠন সরকারের ওপর চাপ দিচ্ছে, ঠিক তখনই এমন ঘোষণা দিল ভারতের উত্তরপ্রদেশের বিজেপি সরকার। তবে, এখনো বোঝা যাচ্ছে না কবে ও কখন নির্মাণ করা হবে এই মূর্তি।

আগের সংবাদনামসর্বস্ব দলের ছড়াছড়ি, নির্বাচনে কি গুরুত্ব কমছে ঐতিহ্যবাহী ইসলামি দলগুলোর?
পরবর্তি সংবাদগোপালগঞ্জ ও রংপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী