এবার এমপি প্রার্থীতে সিদ্দিকী পরিবারের চার ভাই

ফাতেহ ডেস্ক : এবারের জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় রয়েছেন টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের চার ভাই।

পরিবারের দুই সন্তান জাতীয় রাজনীতির হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)।

এদের মধ্যে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আর টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করতে চান কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)।

এছাড়াও টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন তাদের ছোট ভাই মুরাদ সিদ্দিকী আর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সোহেল হাজারীকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনের অংশগ্রহণ করবেন আবদুল লতিফ সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেছেন লতিফ সিদ্দিকীর অনুসারী মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, “আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দুটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যদিও ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একাধিক আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, “কাদের সিদ্দিকীর আইনি জটিলতা নিরসনের প্রক্রিয়া চলছে। আশা রাখি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে তার কোনো সমস্যা থাকবে না।”

এদিকে কালিহাতী আসন থেকে কাদের সিদ্দিকীর আরেক ভাই শামীম আল মনছুর আজাদ সিদ্দিকীও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোনো কারণে কাদের সিদ্দিকী নির্বাচন করতে না পারলে তিনিই দলের হয়েই লড়বেন। আবার এমনও হতে পারে, ভাইয়ের জন্য আসনটি ছেড়ে দিতে পারেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থিতা নিয়ে মুরাদ সিদ্দিকী বলেন, “টাঙ্গাইল-৫ (সদর) আসনের উন্নয়ন এবং মানুষের জন্য কাজ করতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছি। জনগণও আমার সঙ্গে আছে।” ঐক্যফ্রন্টে যোগদানের ব্যাপারে মুরাদ সিদ্দিকী বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি।

আগের সংবাদসিইসির ভাগিনা আ.লীগের মনোনয়ন পাওয়া নিয়ে দেশ জুড়ে তোলপাড়
পরবর্তি সংবাদখালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ৭ জানুয়ারি