রক্তপাত এড়াতে তৎপর থাকুন, ম্যাজিস্ট্রেটদের সিইসি প্রধান

ফাতেহ ডেস্ক: রক্তপাত-প্রাণহানি এড়াতে নির্বাচনের দিন এবং আগে ও পরে আইনশৃংখলা বাহিনীকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। পাশাপাশি তাদেরকে ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনার দায়িত্ব নেয়ার নির্দেশও দেন তিনি।

সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের ব্রিফিংয়ে সিইসি বলেন, নির্বাচনের দিন কোনো উসকানিমূলক ঘটনায় বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, যেহেতু সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন হচ্ছে, সেহেতু সংসদ সদস্য এবং অন্যান্য প্রার্থীর জন্য একই বিধি-নিষেধ কার্যকর থাকবে।

কে এম নূরুল হুদা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন।

আগের সংবাদখালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ৭ জানুয়ারি
পরবর্তি সংবাদইউক্রেনের ৩ জাহাজে রুশ হামলা