
ফাতেহ ডেস্ক : ভারত সফরে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উদ্দেশ্যে সফর এ প্রতিনিধি দলের।
সোমবার ঢাকা থেকে দিল্লি যান ভারতীয় বিমান বাহিনীর দুটি এয়ারক্রাফটে প্রতিনিধি দলের সদস্যরা। এ সফরে সেনাবাহিনীর তরুণ ২৫ জন কর্মকর্তার সঙ্গী হয়েছেন তাদের স্ত্রীরাও।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর শেষ হবে আগামী সোমবার।
বাংলাদেশ ও ভারতের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে এই সফরের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ । সে অনুযায়ী ভারতের সেনাপ্রধান এই সফর বাস্তবায়নের উদ্যোগ নেন।
দিল্লি, আগ্রা, কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।
