
ফাতেহ ডেস্ক : ভীষণ অসুস্থ হলেও জেলখানায় তিলে তিলে শেষ করার জন্য বিএনপির নেতাকর্মীদের কোনো চিকিৎসা দেয়া হয় না, দাবি করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এভাবে আওয়ামী শাসনামলে চিকিৎসা না পাওয়ায় বিএনপির তৎকালীন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ অনেক নেতাকর্মীর জেলখানায় করুণ মৃত্যু হয়েছে।
‘মাস তিনেক আগে গায়েবি মামলায় গ্রেফতার হয়ে কারান্তরীণ তেজগাঁও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম গাজীপুর জেলে গতকাল মারা গেছেন। কারা কর্তৃপক্ষের অবহেলা ও সরকারের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।’
রিজভী বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করার পর আওয়ামী লীগের ভোটারবিহীন সরকার এ বছর আরেকটি সে রকম নির্বাচন করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করার তৎপরতা চালাচ্ছে।
‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা কয়েক দিন ধরে সার্বক্ষণিকভাবে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢোকা ও বেরোনোর সময় মির্জা আব্বাসের বাসা থেকে নেতাকর্মীদের লাগাতার গ্রেফতার করা হচ্ছে, এমন অভিযোগও করেন বিএনপির এ মুখপাত্র।
