সরকারের মাথা খারাপ : নজরুল

ফাতেহ ডেস্ক : সরকারের মাথা খারাপ হয়ে গেছে, মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০ দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেন এ নেতা।

তিনি বলছেন, ‘আমাদের নেতাকর্মীদেরমনোনয়ন জমা দিতে  পদে পদে বাধা দেয়া হচ্ছে। ছোট থেকে বড় সবাইকে আসামি করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সবই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায়  তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নীতিনির্ধারক অভিযোগ করে বলেন, ‘২০১৪ সালের মতো আরও একটি প্রহসনের নির্বাচন করতে সরকার গ্রেফতার বাণিজ্য অব্যাহত রেখেছে। তিনমাস পূর্বে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার হয়ে কারান্তরীণ তেজগাঁও থানা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম গাজীপুর জেলে গতকাল মৃত্যুবরণ করেছে। কারা কর্তৃপক্ষের অবহেলা ও সরকারের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।’

নজরুল বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

‘কোন যুদ্ধপরাধীকে আমরা ধানের শীষ প্রতিক দিবো না এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আর তাছাড়া জামায়াতের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে।’ এক প্রশ্নের জবাবে এ কথাও বলেন তিনি।

সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ এ সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন।

আগের সংবাদজেলখানায় তিলে তিলে শেষ করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের : রিজভী
পরবর্তি সংবাদদেওবন্দ মাদরাসা সন্ত্রাসবাদের কারখানা : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী