অর্থমন্ত্রীর বাসায় বিএনপি নেতা ড. ইনাম

ফাতেহ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে তার সাথে দেখা করেছেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ড. ইনাম আহমদ চৌধুরী।

এসময় তিনি সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী, অর্থমন্ত্রীর অনুজ একে আব্দুল মোমেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইনাম আহমদ নগরীর ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে তার দেখা করেন। মুহিত সিলেট-১ আসনের বর্তমান সাংসদ। এবার মুহিতের বদলে তার ভাই মোমেন এ আসনে প্রার্থী হয়েছেন।

অপরদিকে, বিএনপি থেকে ইনাম আহমদ ও খন্দকার আব্দুল মুক্তাদিরকে এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদই এ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমার পছন্দের মানুষ। তার সঙ্গে শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনে কনিষ্ঠ হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।

তাকে জানিয়েছি আমি এবার সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি শুনেই আমাকে স্বাগত জানান।’

আগের সংবাদ১২১ এএসপিকে বদলি
পরবর্তি সংবাদনভেম্বরের বেতনের সঙ্গে মাদরাসা শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট