
ফাতেহ ডেস্ক : কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিকে গাল্ফ কর্পোরেশন কাউন্সিল-জিসিসি সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ৯ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সৌদি বাদশাহর কাছ থেকে কাতারের আমির আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখির মাধ্যমে জিসিসি’র মহাসচিব আব্দুল লতিফ জায়ানি এই আমন্ত্রণ পাঠিয়েছেন।
অবরোধ আরোপের পর সৌদি আরব ও কাতারের মধ্যে তেমন কোনও কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়নি। তাই সৌদি বাদশাহর এই আমন্ত্রণ উপসাগরীয় সংকট দূর করার ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে।
