চামড়া খাতে প্রথম ৫ মাসে রপ্তানি কমেছে ১৬ ভাগ

ফাতেহ ডেস্ক: সাভারে স্থানান্তরের সময় বন্ধ ছিল অনেক ট্যানারির উৎপাদন। সে সময় অন্য দেশে চলে যাওয়া ক্রেতাদের এখনো ফেরানো যায়নি। এর প্রভাব পড়েছে রপ্তানি আয়ে।

গত বছরের তুলনায় চলতি অর্থবছরের পাঁচ মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ১৬ ভাগ। চামড়া খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের।

চলতি অর্থবছরে পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও উল্টোচিত্র চামড়া খাতে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৫১ কোটি ৮১ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হলেও চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আয় ৪৩ কোটি ৯০ লাখ ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ১৬ ভাগ কম।

উদ্যোক্তারা বলছেন, সাভারে ট্যানারি স্থানান্তরের সময় বন্ধ ছিল অনেক ট্যানারির উৎপাদন। এর ধকল এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। পাশাপাশি চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চামড়া শিল্পের উন্নয়নে সব পর্যায়ে গুরুত্ব বাড়াতে হবে। এই খাত থেকে বিপুল রপ্তানি আয়ের সুযোগ আছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশে অবকাঠামো সংকটের পাশাপাশি বিদেশেও সমস্যার মুখে পড়ছে চামড়া খাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের প্রভাবে চীনে কমছে রপ্তানি আদেশ।

আগের সংবাদএকাধিক মনোনীতের পরও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী
পরবর্তি সংবাদখালেদা জিয়া মুক্তি পাচ্ছেন ২ জানুয়ারি ?