
ফাতেহ ডেস্ক
খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা প্রশ্নে বিভক্ত আদেশের পর বিষয়টির সুরাহা করতে হাইকোর্টের তৃতীয় বিচারকের কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এখন বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চই হাইকোর্ট বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানির কথা রয়েছে। এর আগে মঙ্গলবার বিভক্ত রায় দেয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ। পরে বিষয়টি সুরাহার জন্য আদেশের নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। তবে দুই বিচারকের মতামত নথিতে পরিষ্কার না হওয়ায় সেটি সংশ্লিষ্ট বেঞ্চে ফেরত পাঠানো হয়। এরপর বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
এখন তৃতীয় বিচারকের আদেশই হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তবে এ আদেশের বিরুদ্ধেও আপিল হলে তার সুরাহা হবে আপিল বিভাগে।
এদিকে, কুমিল্লায় নাশকতা মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি সোমবার। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতিসহ সাত সদস্যর আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
