বাগেরহাটে আওয়ামী লীগ নেতার পা ভাঙল নিজ দলের কর্মীরা

ফাতেহ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ সংসদীয় আসনের শরণখোলা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান বাদল জমাদ্দারকে (৫৫) পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে নিজ দলের কর্মীরা।

শুক্রবার রাতে উপজেলার চালরায়েন্দা-তাফালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের একটি গ্রুপ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

গুরুতর আহত আওয়ামী লীগ নেতাকে প্রথমে শরণখোলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের বাসভবনে দলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, দলের একটি গ্রুপ জামায়াত-বিএনপির সঙ্গে আতাত করে নির্বাচন ভন্ডুল করতে এ হামলা চালিয়েছে।

হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তার ডান পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

একপর্যায় চায়ের দোকানের কেটলির গরম পানি ঢেলে দেয়া হয় তার শরীরে। এ সময় চা দোকানি শহিদুল হাওলাদার (৫০) ঠেকাতে গেলে তিনিও আহত হন।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা বাদল জমাদ্দারকে উদ্ধার করে হাপাতালে আনা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদমাদরাসার ছাত্ররা যেভাবে বিজয় দিবস উদযাপন করে
পরবর্তি সংবাদনির্বাচন কমিশনে দেশি-বিদেশি ৩৪৮৩৮ পর্যবেক্ষকের আবেদন