
ফাতেহ ডেস্ক
নির্বাচন কমিশন-বৈঠকে বিভিন্ন সময় নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে আলোচনায় আসা কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
আমি মনে করি না, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। এ কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত।
আজ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে আপনি কী তার বিরোধিতা করছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, আমি কখনও তার বক্তব্যের বিরোধিতা করি না। তিনি তার কথা বলেন।
আমি প্রয়োজনে আমার ভিন্নমত প্রকাশ করি। আপনারা তো সাংবাদিক আপনারা দেশের সব খবর রাখেন, সবকিছু দেখেন। আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে এখন লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি-না, তাহলে উত্তর পেয়ে যাবেন।
সারাদেশ থেকে বিরোধী দলের প্রচারে বাধা দেয়ার নানা অভিযোগ আসছে। এ অবস্থায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কি সম্ভব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশাবাদী মানুষ। এখনও যে সময়টুকু আছে তাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করতে হবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা উচিত। আমি মনে করি সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে।
