
ইমরান চৌধুরী
খুব কম সংখ্যক বাংলাদেশী নাগরিকই লন্ডনের ব্রিকলেন এলাকায় গেলেও এটি যেন আমাদের সকলের অতি পরিচিত। ব্যাপকভাবে বাংলাদেশী অভিবাসী ও বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ অধ্যুষিত ব্রিকলেন এখন লন্ডনে বাংলাদেশের প্রায় সমার্থক। এতোটাই যে এখন এই এলাকার অনেক নামফলকেই উঠে এসেছে বাংলা হরফ।
কিছুক্ষণ আগে ব্রিকলেন সম্পর্কে পড়ছিলাম। পড়তে গিয়ে বেশ চিত্তাকর্ষক একটা তথ্য পড়লাম। তথ্যটি ব্রিকলেন জামে মসজিদ সম্পর্কিত। মসজিদটি যে প্রাচীন দ্বিতল ভবনে অবস্থিত, তা প্রায় ২৭২ বছরের পুরানো। ১৭৪৩ সালে নির্মিত এই ইষ্টকনির্মিত দালানটি মূলত অভিবাসী অধ্যুষিত সমগ্র পূর্ব লন্ডনের অন্যতম প্রাচীন স্হাপনা হিসেবে পরিগণিত।
১৭৪৩ সালে এই ভবনটি নির্মিত হয়েছিলো একটি প্রোটেস্ট্যান্ট গীর্জা হিসেবে। এরপর ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত বিভিন্ন খ্রীষ্টান উপদলের গীর্জা হিসেবে এর হাতবদল ঘটতে থাকে। ঊনবিংশ শতকের শেষে ব্রিকলেন এলাকায় খ্রীষ্টান কমে আসে। প্রথমে জার ও পরে কমিউনিস্ট শাসনের যাঁতাকলে পড়ে ব্রিকলেন এলাকায় আসতে থাকে রুশ ও পূর্ব ইউরোপীয় ইহুদীরা। তাদের প্রচেষ্টায় ব্রিকলেন গীর্জা পরিণত হয় একটি ইহুদী সিনাগগে। ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদীবাদী রাষ্ট্রটির জবরদখল শুরু হওয়া পর্যন্ত ব্রিকলেনের ইহুদী সম্প্রদায় ও এই সিনাগগের জমজমাট অবস্থা বিরাজমান ছিলো। ইসরাইল প্রতিষ্ঠার পর ব্রিকলেনের অধিকাংশ ইহুদীই পাড়ি জমায় ফিলিস্তিনে।
বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে ব্রিকলেনের ইহুদীদের বসতগুলো পূর্ব পাকিস্তানী মুসলিম অভিবাসীদের দ্বারা আবাদ হতে শুরু করে। বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার পরও এই প্রবণতা জারী থাকে। এই এলাকায় পাকিস্তানী মুসলিমদেরও বসতি গড়ে উঠতে থাকে। ব্রিকলেন এলাকায় মুসলিম জনবসতি বেড়ে যাওয়ায় মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ১৯৭৬ সালে বাংলাদেশী অভিবাসীদের অর্থায়নে কিনে নেয়া হয় সিনাগগটি, যা ততোদিনে প্রায় বিরান হয়ে গেছিলো। সে বছরই লন্ডন জামে মসজিদ নামে নতুন সফর শুরু হয় আড়াই শতাব্দী প্রাচীন এই ভবনটির।
৫৯ ব্রিকলেনের প্রাচীন ভবনটির গীর্জা থেকে মসজিদে পরিণত হওয়ার এই কাহিনীতে এক আশ্চর্য রোমান্টিসিজম বা ভাবালুতা আছে, যা মনকে ছুঁয়ে যায়। তিন তিনটা সম্প্রদায়ের ভাগ্যান্বেষী অভিবাসীদের খোদার প্রতি আকুতি জানানোর শেষ আশ্রয়স্থল হয়ে রয়েছে এই ভবনটি, বিগত ২৭২ বছর ধরে। কতো মানুষের কতো শত অজানা কষ্ট যেন প্রাচীন এই ভবনের পুরু দেয়ালে গেঁথে আছে। ‘একটি তুলসী গাছের আত্মকাহিনীর’ মতো ৫৯ ব্রিকলেনেরও অশ্রু ও দীর্ঘশ্বাসবহুল একটি মহাকাব্যিক আত্মকাহিনী সৃজন করা যায়…!
