
ফাতেহ ডেস্ক
বিএনপির গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর আসন সিলেট-২-এ অবশেষে ঐক্যফ্রন্টের সমর্থন পেলেন খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী। খেলাফত মজলিসের স্থানীয় নেতা মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন ফাতেহ টোয়েন্টি ফোরকে।
জিয়া উদ্দীন ইউসুফ জানান, আজ (২৬ ডিসেম্বর বুধবার) বেলা আড়াইটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা ইসহাকের বিশেষ বৈঠকে মির্জা ফখরুল এ সমর্থনের সিদ্ধান্ত দেন।
প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্ট বহুল আলোচিত এ আসনে প্রথমে ইলিয়াসের স্ত্রী লুনা ইলিয়াসকে ধানের শীষে মনোনয়ন দিয়েছিল। কিন্তু একই আসনে মহাজোটের প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর এক রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত লুনার প্রার্থিতা স্থগিত করে দেয়। ফলে লুনা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে ছিটকে পড়েন। তারপর থেকেই শুরু হয় আলোচনা। এ আসনে বিএনপি এখন কাকে সমর্থন দেবে? একদিকে ঐক্যফ্রন্টের এক শরিক দল গণফোরামের প্রার্থী মুকাব্বির খান, অপর দিকে আরেক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলী। বেশ কয়েকদিনের আলোচনা-সমালোচনার পর অবশেষে আজ মির্জা ফখরুল স্পষ্ট করলেন ঐক্যফ্রন্টের অবস্থান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
