যেভাবে সাজানো হচ্ছে নিরাপত্তা

ফাতেহ ডেস্ক

 সব ধরণের আশঙ্কা সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

সকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। র‍্যাব মহাপরিচালক জানান, সারাদেশে ১০ হাজার র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। গুজব, অসত্য তথ্য ও মিথ্যা অপপ্রচার রোধেও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

৩০ ডিসেম্বর ভোটারের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বিশেষ করে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি। এসব কেন্দ্রে নিরাপত্তায় কাজ করবে পুলিশের বিশেষ টিম।

২০ ডিসেম্বর বগুড়ার সোনাতলায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এতে আতঙ্ক ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সংকট কেটেছে বেশিরভাগ ভোটারের।

বগুড়ার ৭টি নির্বাচনি আসনে ৯২৬ কেন্দ্রের মধ্যে ৫৬০টি গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৪ হাজার সদস্য।

রাজশাহী জেলার ৬৯৫ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫টি গুরুত্বপূর্ণ। নগরীর বেশিরভাগ কেন্দ্রই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। তবে শান্তিপূর্ণ ভোট হবে বলে প্রত্যাশা করছেন ভোটাররা।

ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুভ কন্ট্রোল টিম।

রাজশাহী জেলার ৬টি আসনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন।

আগের সংবাদভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে : ফখরুল
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যু তদন্তে জাতিসংঘের ২৮ মিলিয়ন ডলার বরাদ্দ