নির্ভয়ে কেন্দ্রে যান, নিরাপত্তা দেবে সেনারা : সেনাপ্রধান

ফাতেহ ডেস্ক

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রাজধানীর আজিমপুরে সেনাক্যাম্প পরিদর্শন শেষে শনিবার দুপুরে সেনাপ্রধান বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী।

এদিকে, কেন্দ্রে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

কড়া নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী ঢাকা। র‍্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আছে সেনা টহল। শনিবার দুপুরে রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান আজিজ আহমেদ। এসময় তিনি জানান, সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করা আছে।

এছাড়াও, বিভিন্ন ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত আছে, প্রয়োজন হলেই মাঠে নামবে তারা।

এদিকে, ভোট ঘিরে সহিংসতা রোধে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন কার্যালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। কেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিকে, বিভিন্ন বাহিনী, সরকার এবং রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক ভিডিও তৈরির অভিযোগে রাজধানীর মগবাজার ও মৌচাক থেকে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আগের সংবাদদুই নম্বরি না হলে আমরাই জিতব : ড. কামাল
পরবর্তি সংবাদভোটদানের সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখছেন ইসলামপন্থী তরুণরা