
ফাতেহ ডেস্ক
ভোটের দিন দেশের কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা নেই। নেই বৃষ্টির সম্ভাবনাও। আবহাওয়া অফিস বলছে, এ দিন গড় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে। রোদ উঠবে সারা দেশে।
পৌষের মাঝামাঝি, কয়েক দিন ধরে সারা দেশেই কমবেশি ঠান্ডা বাতাস। তাই ভোটের দিনের আবহাওয়া নিয়ে চিন্তায় অনেকে। তবে আবহওয়া অফিস বলছে, অনেক জায়গায় রোববার সকাল থেকেই দেখা মিলবে সূর্যের।
বেলা বাড়ার সঙ্গে বাড়বে তাপমাত্রাও। স্থানভেদে সর্বোচ্চ ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৮ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের কিছু জেলা ও নদী এলাকায় সকাল ১০টা পর্যন্ত কুয়াশা থাকতে পারে। তবে সূর্য ওঠার পর বাড়বে তাপমাত্রা। বরিশাল ও ময়মনসিংহ বিভাগেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। অন্যদিকে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে উত্তরাঞ্চলের মতো শীত থাকবে না। পার্বত্য ও উপকূলীয় এলাকার তাপমাত্রাও থাকবে সহনীয়।
