
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এর পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। তিনি ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, এমপি; প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান, এমপি; শেখ হেলাল, এমপি; ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ; শেখ সালাউদ্দিন জুয়েল, এমপি; শেখ সারহান নাসের তম্ময়, এমপি; জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
