খেলাপি ঋণ কমবে, আর বাড়বে না : অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক

খেলাপি ঋণ বাড়া ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক হলেও এর পরিমাণ উৎকণ্ঠার নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এর রাশ টেনে ধরার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা জানান মন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে ২০১৮-এর সেপ্টেম্বর পর্যন্ত অবলোপন ছাড়া খেলাপি ঋণ পৌঁছে এক লাখ কোটি টাকায়। আর অবলোপনসহ এর পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি টাকা।

নানা উদ্যোগেও লাগাম টানা না যাওয়ায় নতুন অর্থমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ এই খেলাপি ঋণ। তাই দায়িত্ব নেয়ার পর থেকেই বলছেন, খেলাপি আদায়ে সংস্কার হবে ব্যাংকিং আইনের। পাশাপাশি সংকট কাটিয়ে ওঠার উপায় খোঁজার নির্দেশনা দিচ্ছেন ব্যাংক মালিকদেরও।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, বিএবির নেতারা জানিয়েছেন, চলতি মাসেই ঋণখেলাপিদের চরিত্র বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়া হচ্ছে তালিকা।

খেলাপি ঋণ আদায়ে ভালো ব্যবসায়ীরা কিছুটা ছাড় পেলেও, ঋণের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে বিএবি।

আগের সংবাদসংরক্ষিত আসনে ভোটের তফসিল আগামী সপ্তাহে
পরবর্তি সংবাদপ্রশ্নফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর