
ফাতেহ ডেস্ক
নতুন করে দায়িত্ব পাওয়ার পর সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ প্রথমেই সারতে চান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম রাতেই বিড়াল মারার মতো কাজ সেরে ফেলতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সড়কের শৃঙ্খলা ফেরানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমার প্রায়োরিটি (অগ্রাধিকার) হচ্ছে সড়কে এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এ দুটি বিষয় অগ্রাধিকার পাবে। কারণ সড়ক এবং পরিবহনে বিশৃঙ্খলা জিয়ে রেখে যত উন্নয়ন কাজই করি না কেন, তাতে কোনো লাভ হবে না। তিনি বলেন, আট লেনের রাস্তা করলাম কিন্তু শৃঙ্খলা নেই, তাতে কোনো লাভ হবে না। এ বিষয়ে আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি। তাদের নানা নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। এ কাজগুলো শুরুতে করতে হবে। পরে এসব করা যাবে না। প্রথম রাতেই বিড়াল মারার মতো কাজ সেরে ফেলতে হবে।
শৃঙ্খলা ফেরানোর কৌশল জানতে চাইলে তিনি বলেন, কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনব সেটা তো আমার নিজস্ব কিছু কৌশল আছে। আবার জেনারেল কিছু বিষয় আছে; যা সবার জানা। ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, লাইসেন্সবিহীন ছোট ছোট গাড়ি চলছে- এসব বেশি বিশৃঙ্খল।
মোটরসাইকেল একটি নতুন আতঙ্ক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তবে ঢাকা শহরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, কিন্তু ঢাকার বাইরে মোটরসাইকেলগুলো বেপরোয়া চলছে। এক মোটরসাইকেলে তিনজন চলছে, তারপর আবার লাইসেন্স ছাড়া। তিনি বলেন, এ বিষয়গুলো ঠিক করতে হবে। তবে কাজটা এত সহজ নয়, তবে করা যাবে না এমনও নয়। আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে করা যাবে।
