পানিভর্তি বালতিতে পড়ে প্রাণ হারাল ১৪ মাসের শিশু

ফাতেহ ডেস্ক

পানিভর্তি বালতিতে পড়ে মশিউর রহমান (১৪ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা মতিউর রহমান জানান, তারা সারুলিয়ার টেংরা এলাকার একটি বাড়ির তিনতলায় ভাড়া থাকেন। তার দু’সন্তানের মধ্যে মশিউর হচ্ছে ছোট। সকালে তার স্ত্রী শান্তা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে মশিউর হামাগুড়ি দিতে দিতে বাথরুমে চলে যায়।

একপর্যায়ে বালতি ভরা পানিতে তার মাথা নিচে ও পা উপরের দিকে থাকে। তার মা রুমে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে এই দৃশ্য দেখতে পান। এ সময় তার চিৎকার শুনে সবাই ছুটে আসে।

প্রথমে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এইচআর

আগের সংবাদগণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের সংসদে আসা উচিত : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদশিক্ষককে হত্যার হুমকি সাবেক ছাত্রলীগ নেতার, উত্তপ্ত যবি ক্যাম্পাস