
ফাতেহ ডেস্ক
সংসদের বাইরে থেকেও বিরোধীদলের ভূমিকা পালন করা যায় বলে মন্তব্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। রোববার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় একথা বলেন তিনি।
এ সময় মামলার অন্যতম আসামি মওদুদ আহমদ তার অব্যাহতির আবেদনের ওপর নিজেই শুনানি করেন। এক পর্যায়ে তিনি সার্টিফায়েড কপির জন্য আবেদন করলে আদালত তা গ্রহণ করে। মামলার অন্য দুই আসামি গিয়াস উদ্দিন আল মামুন, সি এম ইউছুফ হোসাইনকে এ মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন তাদের আইনজীবীরা।
এ সময় বিএনপির দুরবস্থা ও সংসদে না থাকা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, জনগণের সমর্থন থাকলে সংসদে না থেকেও বিরোধীদল হওয়া যায়। মামলার পরবর্তী শুনানির দিন ২১শে জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
