
ফাতেহ ডেস্ক
আগামীকাল সকালে সিলেটের বালাগঞ্জ যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেট যাবেন তারা। সেখান থেকে সড়কযোগে বালাগঞ্জে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যাবেন।
ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।
গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরউল্লাহসহ নেতারা সিলেটের বালাগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন। ওনারা সিলেট নেমে সেখান থেকে সড়কযোগে নির্বাচনের সময় নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যাবেন। সেখানে গণফোরামের রেজা কিবরিয়া এবং সুলতান মোহাম্মদ মনসুরও উপস্থিত থাকবেন।
