
ফাতেহ ডেস্ক
বিমান হবে আকাশে শান্তি আর বিমানবন্দর হবে ভূমিতে প্রশান্তির নীড়। এ লক্ষ্যে বর্তমান সরকারের নিরলস প্রয়াস অব্যাহত আছে। প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে।
পদ্মা সেতুর পাশেই হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিমান প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ মুন্সিগঞ্জে শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতার কারণে সেটা হয়নি। এখন নতুনভাবে ফিজিবিলিটি স্ট্যাডি শেষ হয়েছে, সাইট সিলেকশন চূড়ান্ত হওয়ার পথে। এটা হবে পদ্মাসেতুর ওপারে, সেতুর পাশেই।
বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে মেঘা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
