মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ থাকা উচিত : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকা এবং আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ থাকা উচিত। যদি মুসলিম দেশগুলোর মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে সংঘাতে না গিয়ে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

বুধবার (১৬ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী সংঘাতের কারণে মুসলিম দেশগুলোর জনগণকে ভোগান্তি পোহানোর কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

দারিদ্র্য বিমোচনে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার দারিদ্র্য কমিয়ে ২১ শতাংশে নামিয়েছে। আগামী দিনগুলোতে আরও ৪/৫ শতাংশ কমিয়ে আনা সরকারের লক্ষ্য।

‘গ্রামকে কেন্দ্র করেই সরকারের উন্নয়ন নীতি,’ বলেন তিনি।

বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে এবং ধর্মীয় উৎসবগুলোতে সবাই অংশগ্রহণ করে।

এ সময় ইরানের অর্থনৈতিক অগ্রগতি এবং দেশটির জনগণের সাহসের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদআল্লামা আহমদ শফী সারা জীবন নারীঅধিকারের পক্ষে কথা বলে এসেছেন
পরবর্তি সংবাদমার্চে ঢাকা উত্তর সিটির ভোটের ইঙ্গিত সিইসির