
ফাতেহ ডেস্ক
নতুন সরকার গঠনের পর কাল প্রথম সচিবালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসনমন্ত্রী হিসেবে কাল অফিস করবেন তিনি। মন্ত্রণালয়ের চলমান কাজের তদারকির পাশাপাশি কর্মকর্তাদের দেবেন দিক নির্দেশনা।
বুধবার দিনভর ব্যস্ত জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি চলে সাজসজ্জার কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়েরও দায়িত্ব। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বৃহস্পতিবার প্রথম অফিস করবেন তিনি। আর সে কারণেই মন্ত্রণালয়ে টানা ব্যস্ততা।
সচিবালয়ে যাওয়ার পর সকালেই জনপ্রশাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। দেবেন নানা দিক নির্দেশনা।
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা বাড়াবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দিতে প্রায় বিকেল পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকবেন প্রধানমন্ত্রী।
