মহানবির অনুসরণ আল্লাহর নৈকট্য লাভের পূর্বশর্ত : মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী

আব্দুল ওয়াদূদ, কক্সবাজার থেকে

চট্টগ্রাম জামেয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী বলেছেন,জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও অনুকরণ আল্লাহর নৈকট্য লাভের পূর্বশর্ত। কেননা যে কোনো আমল রাসুলের আদর্শের আলোকে না হয়ে মনগড়া হলে সেটা যতই চাকচিক্যময় হোক, দেখতে সুন্দর হোক, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।

মঙ্গলবার (১৫জানুয়ারি) কক্সবাজার মহেশখালী কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহফিলটির আয়োজন করে মহেশখালীর ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন কামারমারছড়া কুরআন প্রচার সংস্থা।

মাওলানা সালাহ উদ্দীন আরো বলেন, আজ অশান্ত বিশ্বে ক্ষমতার দ্বন্দ্ব, জাতি-গোত্রে হানাহানি সব কিছুর মুলোৎপাটন করে বিশ্বমানবতাকে শান্তির সুশীতল ছায়া তলে আনতে হলে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

মাহফিলের প্রধান বক্তা মুফাসসিরে কুরআন মাওলানা সাইয়্যেদুল আলম আরমানী বলেছেন, কুরআন ও হাদীসের শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। তাই নিরক্ষর মুক্ত দেশ গড়ার জন্য সকলকে ওহীর ইলম তথা কুরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত হতে হবে।

মুফতী মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন মাওলানা নুরুল আমিন আল-ফরিদী ঢাকা, মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা ক্বারী আতাউল্লাহ গনী। এতে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল আলম, মাওলানা রহমত উল্লাহ, ডা. ইকবাল, মাওলানা ইসমাইল কাওসার, সংস্থার কার্যনির্বাহী সভাপতি মাওলানা ফুরকান হুসাইন, মাওলানা আবদুশ শাকুর, মাওলানা আবু তৈয়ব মুজাদ্দেদী, মাওলানা সানা উল্লাহ, শহিদ উল্লাহ ও মুহাম্মদ জুনাইদ প্রমুখ।

আগের সংবাদকাতারে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে আরবি ভাষার ব্যবহারকে বাধ্যতামূলক করে আইন প্রণীত
পরবর্তি সংবাদতাবলিগ-সঙ্কট : দেওবন্দ সফরে যারা থাকছেন