
ফাতেহ ডেস্ক
গণপরিবহনে নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মৃত্যুর মিছিলের দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, ‘প্রতিদিন দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারা দেশে ছোটাছুটি করছেন। ওবায়দুল কাদের সাহেবের দৌঁড়াদৌঁড়ি কেবল ফটোসেশনেই সীমাবদ্ধ। প্রতিদিন সড়কে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায়-সড়কে মৃত্যুর মিছিল। ’
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় ২০ জন মানুষ মারা যায় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দুঃশাসনের কবলে পড়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে সড়ক ব্যবস্থা। রাজধানীতে একদিকে তীব্র ট্রাফিক জ্যাম, অন্যদিকে পরিবহন নৈরাজ্যে অতিষ্ঠ মানুষ। নিরাপদ সড়ক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকারের লোক দেখানো কিছু পদক্ষেপ এখন প্রহসনে পরিণত হয়েছে। ’
সড়ক ও পরিবহন মন্ত্রী তো প্রতিদিন বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকেন, তিনি গণপরিবহনে নৈরাজ্য ও অকালে হাজার হাজার প্রাণ ঝরে যাওয়ার রোধ করতে ব্যর্থতার জবাব দেবেন কি? জানতে চান রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সর্বকালের ব্যর্থ একজন সড়কমন্ত্রী। যেহেতু মন্ত্রণালয় চালাতে তিনি ব্যর্থ, তার নেতৃত্বের কারণে সড়কে শুধু লাশের ছবি, সেহেতু এই মুহূর্তে পদত্যাগ করে তাকে তার পদ থেকে সরে দাঁড়ানো উচিত। নইলে সড়কে মৃত মানুষের আত্মা শান্তি পাবে না।’
সম্মেলনে ভুয়া ভোটে এমপি-মন্ত্রী নির্বাচিত হয়ে কলঙ্কিত নির্বাচনকে জায়েজ করতে আওয়ামী লীগ নেতারা বেপরোয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, বিতর্কিত নির্বাচনকে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কৌশল অবলম্বন করছেন।
