
জুনায়েদ ইশতিয়াক
বাংলাদেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল, চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়া, মাদারীপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনার আমতলী, ফরিদপুরের বোয়ালমারী, পিরোজপুর এবং শরীয়তপুরের দুইশোরও বেশী গ্রামে রোজা রাখা শুরু হয়েছে। তবে এবার তারা বেশ বিপাকে পড়েছেন।
বিশেষজ্ঞরা জানান, ইসলামী চিন্তায় চাঁদের দুই রকম হিসাবের কথা পাওয়া যায়। এক মতানুসারে যেদিন পৃথিবীতে প্রথম চাঁদ দেখা যাবে, সেদিন থেকেই সব জায়গায় এক তারিখ। আরেক মতানুসারে প্রত্যেক দেশে আলাদা আলাদাভাবে চাঁদ দেখে প্রথম তারিখ স্বীকৃত হবে। প্রথমটি দেশীয় ও দ্বিতীয়টি আন্তর্জাতিক হিসাব নামে পরিচিত। মুসলিম বিশ্বে জাতিবাদী রাষ্ট্রের প্রসারের পর এই বিষয়ে বেশ জটিলতা এসেছে। তবে বাংলাদেশের অধিকাংশ আলেম দ্বিতীয় মতের পক্ষেই অবস্থান গ্রহণ করেন।
তবে এর বাইরে বাংলাদেশের দুইশোরও বেশী গ্রামে বিচ্ছিন্নভাবে কেউ কেউ আন্তর্জাতিক হিসেব মানার চেষ্টা করেন। প্রথম যেদিন চাঁদ উঠবে, সেদিনই ঈদ হবে, এই তাদের মত। তবে কার্যত তারা সৌদির হিসাবকেই গ্রহণ করেন। সৌদিতে চাঁদ উঠলে তারা প্রথম তারিখ হিসেবে গণ্য করেন।
তবে এবার সৌদির আগে তুরস্কে চাঁদ উঠেছে। তাদের বক্তব্য অনুযায়ী তুরস্কের চাঁদ অনুযায়ী তাদের প্রথম তারিখ হিসেব করার কথা থাকলেও তারা কেউই রোজা শুরু করেন নি। যেহেতু সৌদিতে চাঁদ উঠেনি, তাই তারাও প্রথম তারিখ হিসেব করেন নি।
বিশেষজ্ঞদের মতে, এই বছর তারা চাঁদ নিয়ে বেশ জটিলতায় পড়েছেন। চাঁদ নিয়ে তাদের চিন্তা যে অসম্পূর্ণ, এ বছর তা স্পষ্টভাবে ধরা পড়েছে। খোদ সৌদি আন্তর্জাতিক হিসেব না মানলেও তারা আন্তর্জাতিক হিসেব অনুযায়ী সৌদিকে কেন ও কীভাবে অনুসরণ করছেন, এই প্রশ্ন থেকেই যাবে।
